বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আইরিশরা

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আইরিশরা

ফন্ট সাইজ:

বেলফাস্টে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় এক মহাকাব্যিক অঘটনের সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব। বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে মাত্র ১ রানে হারিয়ে ঐতিহাসিক ২-০ ব্যবধানে সিরিজ জিতলো আয়ারল্যান্ড। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর এটিই আইরিশ ক্রিকেটের সবচেয়ে বড় গৌরবময় মুহূর্ত। অন্যদিকে ভারতের জন্য এটি ২০২৩ সালের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ হার, যা থামিয়ে দিলো তাদের টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড।

আজ বেলফাস্টের স্টরমন গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরের ৫৩ এবং বেন ক্যালিৎসের ৩৭ রানের ওপর ভর করে এই লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। ভারতের হয়ে বল হাতে স্পিনার যাদব ৩টি এবং শিবম দুবে ২টি উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের পেস ও সুইং বান্ধব কন্ডিশনে মুখ থুবড়ে পড়ে ভারতের ‘আইপিএল স্টার’ খচিত তারকা ব্যাটিং লাইনআপ। ভারতের মূল ঘাতক ছিলেন রাজস্থানের টঙ্ক থেকে আসা এবং ভারতীয় পাসপোর্টধারী, আইরিশ পেসার জয় মুন্দ্রা। ৩২ রানে ৩ উইকেট শিকার করার পথে তিনি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে প্রথম বলেই সাজঘরে পাঠান। এরপর বোল্ড করেন অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও।

৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের হয়ে সহ-অধিনায়ক তিলক বর্মা ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলে একাই লড়াই করেন। শেষদিকে হর্ষিত রানা ১০ বলে ২১ রান করে জয়ের আশা জাগালেও, শেষ ওভারের নাটকীয়তায় ৯ উইকেটে ১৫৩ রানেই থামে ভারতের ইনিংস। প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে ২০২৪ সালে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট হোয়াইটওয়াশের পর, এবার আয়ারল্যান্ডের মতো পুঁচকে দলের কাছে সিরিজ হার ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় বিপর্যয়। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন