জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজকুমার (৩৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত বন্দনা রানী জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামের বাসিন্দা ও রাজকুমারের স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে একটি সেলাই মেশিনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজকুমার তার স্ত্রী বন্দনা রানীকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
