জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী পৃথক দু’টি অভিযানে গ্রাম পুলিশের বাড়ি থেকে ৪ ফিট উচ্চতার একটি তাজা গাঁজার গাছ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন (২৫)। রোববার সকালে মাদক মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিকনির্দেশনায় উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে গ্রাম পুলিশ আমিনের বসতবাড়িতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। অপরদিকে সন্ধ্যায় পৃথক এক অভিযানে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড়সংলগ্ন পুটারিল গ্রামে লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
