রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ-পুলিশের ৩ ঘণ্টার চেষ্টায় পদ্মার চরে লঞ্চে আটকে পড়া ৮৫ জন যাত্রীকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার দুপুরে যৌথ এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ-থানার ইনচার্জ কেএম নজরুল ইসলাম ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ ত্রিনাথ শাহা।
প্রেস নোটে বলা হয়েছে, শনিবার রাত ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে ৮৫ জন যাত্রীসহ এমভি বোয়ালি নামক একটি লঞ্চ পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝখানে কুশিহাটা নামক চরে লঞ্চটি যাত্রীসহ আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ-থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।
পরবর্তীতে ৩ ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌ-পুলিশের ২টি স্পিড বোট দিয়ে যাত্রীদের চর থেকে উদ্ধার করে নিরাপদে পাটুরিয়া লঞ্চঘাটে পৌঁছে দেয়া হয়। গভীর রাতে নৌ-পুলিশের এমন কাজে রীতিমতো প্রশংসায় ভাসছেন তারা। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
