শায়েস্তাগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে সাবেক নারী ইউপি সদস্য নিহত

শায়েস্তাগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে সাবেক নারী ইউপি সদস্য নিহত

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে জায়গা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ফিকলের আঘাতে কলম চান আবুনি (৬৫) নামে এক সাবেক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকালে ওই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে একই গ্রামের ফারুক মিয়া, জুনেদ, ইমন ও মবিনসহ কয়েকজন ধারালো ফিকল দিয়ে কলম চান আবুনির ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় ফিকলের আঘাতে তিনি বুকে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ছেলে বাবুল মিয়া বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে আমার মায়ের ওপর হামলা চালিয়ে ফিকল দিয়ে আঘাত করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন