সাদুল্লাপুরে বিএনপি নেতার ওপর হামলা

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনা মিয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুরে আহতদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেখা গেছে। স্থানীয়রা জানায়, মাছচাষ করার জন্য শহিদুল ইসলাম সোনা নিজস্ব পুকুর খনন করছেন। এই মাটিগুলো সরকারি কাজে সড়ক নির্মাণের জন্য সরবরাহ করেন। শনিবার সকালের দিকে সোনা মিয়ার পুকুরের উত্তোলন করা মাটি ট্রাক্টরযোগে নির্মাণাধীন সড়কে বহন করছিলেন।

এরই মধ্যে দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও পূর্ব দামোদপুর গ্রামের আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া এবং কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামসহ আরও অনেকে সোনা মিয়ার কাছে চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে আব্দুল খালেক তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে সোনা মিয়ার মাথা ফেটে রক্তাক্ত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শহিদুল ইসলাম সোনা বলেন, আমার পুকুর খননের মাটি নির্মাণাধীন সড়কে বহন করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ আরও অনেকে আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে অপারগতা জানালে তখন আব্দুল খালেক গংরা আমার ওপর হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন