সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে লুট হওয়া প্রায় ১৭ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুথের সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আইয়ুব আলীর অবস্থান শনাক্ত করে এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমদের নেতৃত্বে একটি দল শনিবার বিকালে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া টাকাসহ তাকে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে আসা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ২৪শে জুন আইআইইউসি ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম বুথ খুলে সেখানে থাকা প্রায় ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান আইয়ুব আলী। পরে গ্রাহকরা বুথ থেকে টাকা উত্তোলন করতে না পেরে বিষয়টি জানতে পারেন। একই দিন সন্ধ্যায় বুথের সিকিউরিটি ইনচার্জ মইনুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী পুলিশকে জানান, রংপুরের এক তরুণীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। উদ্ধার হওয়া অর্থ ছাড়া বাকি টাকা ওই তরুণীর পেছনে খরচ করেছেন বলে তিনি স্বীকার করেছেন। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
