পটুয়াখালীর বাউফলে অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে ১০ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সাম্প্রতিককালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হঠাৎ ঝটিকা মিছিল করে এবং ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত ওই ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে দাসপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাসপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগের রিপ্পি, ইমরান, ইমতিয়াজ, শাকিলসহ আরও ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলার মধ্য দাসপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দাসপাড়া ইউপি সদস্য মামুন (৪৫), শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহ-সভাপতি রাসেলসহ (৩০) অন্তত ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে ২০-২৫টি মোটরসাইকেল। হামলাকারীরা কালাইয়া ও দাসপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
