আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে মাদককে প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। রোববার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মূলত আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়। কর্মসূচিতে ফুটবলপ্রেমীদের পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থী, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তারা কখনো মাদক গ্রহণ না করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার শপথ নেন। শপথ বাক্য পাঠ শেষে উপস্থিত সবাই সমস্বরে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান দিয়ে মাদককে প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে।
খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের শৃঙ্খলা, নৈতিকতা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সামাজিকভাবে এমন সচেতনতামূলক উদ্যোগ আরও বিস্তৃত হলে মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে। একইসঙ্গে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সময়োপযোগী এ আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।
