চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ফয়’স লেকের প্রবেশমুখে জাকির হোসেন সড়কের পাশের একটি নালায় ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির হোসেন সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার নিচ দিয়ে গ্যাস পাইপলাইন গেছে। পাইপলাইনে লিকেজের কারণে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে সেখানে আগুন ধরে যায় এবং নালার লোহার ঢাকনার ফাঁক দিয়ে আগুনের শিখা উপরে উঠতে থাকে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ শুরু করেন।
স্থানীয় দোকানি রাকিবুল ইসলাম বলেন, হঠাৎ নালার নিচ থেকে গ্যাস বের হতে দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা দেখে পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। আরেক প্রত্যক্ষদর্শী খালেদ মোশাররফ বলেন, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরিত হওয়ার পর সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ে। এরপরই আগুন জ্বলে ওঠে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি বলেন, দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করে অভিযান শেষ করে দুপুর ২টা ১৫ মিনিটে দু’টি ইউনিট নিজ নিজ স্টেশনে ফিরে যায়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, গ্যাসলাইনে লিকেজের কারণেই আগুনের ঘটনা ঘটেছে। কীভাবে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
