ঈদে ফিরছে ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’

ঈদে ফিরছে ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’

ফন্ট সাইজ:

ঈদ আয়োজনে তৃতীয়বারের মতো পর্দায় ফিরছে সংগীতবিচিত্রা ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সাজানো এবারের আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের লেখা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান পরিবেশিত হবে। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতিকে ঘিরে গানগুলো সাজানো হয়েছে একটি সুনির্দিষ্ট ন্যারেটিভে, যা অনুষ্ঠানটিকে শুধু সংগীত পরিবেশনা নয়, বরং একটি আবেগময় অভিজ্ঞতায় পরিণত করেছে। এবারের বিশেষত্ব- চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তার গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের গাওয়া একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান ‘আমি নিঃস্ব হয়ে যাবো’, যা অনুষ্ঠানে যুক্ত করেছে বাড়তি আবেগ। চন্দন সিনহা জানান, এবারের পর্বে চমক হিসেবে থাকছে কবির বকুলের কণ্ঠেও তার একটি গান। গীতিকবি হিসেবে পরিচিত বকুলের কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রথমবারের মতো এ আয়োজনে রাখা হয়েছে দর্শক উপস্থিতি। গানের ফাঁকে কথোপকথনে অংশ নেবেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী এবং গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তাদের অংশগ্রহণে শিল্পীজীবন, গানের পেছনের গল্প এবং সৃষ্টির নানা দিক উঠে আসবে আলাপচারিতায়। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়। এর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন