ভ্যাঙ্কুভারে যে লক্ষ্য নিয়ে বেলজিয়াম এসেছিল, সেটি তারা দাপটের সঙ্গেই পূরণ করেছে। নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। এই জয়ের মাধ্যমে গোল ব্যবধানে গ্রুপসেরা হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ইউরোপের দলটি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও মাঠে বেলজিয়ামের আধিপত্য ছিল একপেশে। দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার মরিয়া চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু এতে নিজেদের জাত চেনানোর আরও বেশি সুযোগ পেয়ে যায় বেলজিয়াম। দুই দলের শক্তির পার্থক্যটা তখন একেবারেই স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের মাঝপথেই তিন গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এলিজা জাস্ট একটি গোল শোধ করে ব্যক্তিগতভাবে নিজের দারুণ একটা টুর্নামেন্টের ইতি টানেন।
এরপর বদলি হিসেবে নেমে ১০ মিনিটের জাদুতে এক গোল ও এক অ্যাসিস্ট করেন রোমেলু লুকাকু। ৫-১ ব্যবধানের বড় জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ‘জি’-এর শীর্ষ দল হিসেবেই শেষ বত্রিশে গেল বেলজিয়াম। আর গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড।
নকআউট পর্বে বেলজিয়াম খেলবে তৃতীয় হওয়া অন্যতম সেরা একটি দলের বিপক্ষে। আর গ্রুপ রানার্সআপ হওয়া মিসর লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৭ জুন (শনিবার), ২০২৬, ১১ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
