দেশের তৃণমূল ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুবসমাজকে প্রযুক্তির আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে সরকার শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সমাজে ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে সন্তানরা ঘরে বন্দি হয়ে পড়েছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে এই ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে সরকার। এখন থেকে চতুর্থ শ্রেণী থেকে প্রত্যেক শিক্ষার্থীকে পাস করার জন্য মাঠে আসতে হবে। তাদের নির্দিষ্ট শিক্ষকের অধীনে ট্রেনিং সেশনে অংশ নিতে হবে।
প্রতিমন্ত্রী জানান, জুলাইয়ের মাঝামাঝি প্রথম মৌসুমের জাতীয় পর্বের খেলা শেষ হবে। এরপর সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় মৌসুমের মূল আসর। দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন থেকে এই খেলা শুরু হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টের হাজার হাজার দল গঠন করা হবে।
খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী জুলাইয়ের পর আরও ২০০ জন খেলোয়াড়কে পেশাদারিত্বের আওতায় আনা হবে। এর ফলে সব মিলিয়ে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড প্রদান কার্যক্রম চলমান থাকবে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলাকে স্থায়ী পেশা হিসেবে বেছে নিতে পারবে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয় সাধনের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে শক্তিশালী যোগসূত্র তৈরি করতে খুব শীঘ্রই আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই সাঁতার প্রতিযোগিতায় ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ১৪টি ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
