পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার সোমবারের মধ্যে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। সূত্র জানায়, পাশাপাশি অপরাধ দমনে ব্যাপক পদক্ষেপ নেয়ার জন্য আরেকটি বিলও আসতে চলেছে।।
নির্বাচনী প্রচারনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো শুভেন্দু অধিকারীর সরকার সেটি চালু করতে উদ্যোগী হয়েছে বলে জানা যায়।
অভিন্ন দেওয়ানি বিধি বিলটি বহুবিবাহ ও বাল্যবিবাহের অবসান ঘটিয়ে উত্তরাধিকারের অধিকারে একরূপতা আনার চেষ্টা করবে। সেখানে অপরাধ দমন বিলটি সন্দেহভাজনদের দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক আটক এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেবে।
পর্যবেক্ষকদের মতে, এই দুটি আইনই ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করতে অপব্যবহার করা হতে পারে।
একাধিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে দ্রুত অনুমোদন নিশ্চিত করতে রাজ্যের আইন বিভাগ বুধবার ও বৃহস্পতিবার উভয় বিলের খসড়া নিয়ে কাজ করেছে।
জানা যায়, যদি না পরবর্তী অধিবেশন পর্যন্ত শেষ মুহূর্তে দেওয়ানি বিধি বিলটি স্থগিত করার কোনো প্রয়োজন হয় তাহলে বিলটি পাশ হবে সহজেই।
সূত্রগুলো আরও জানায়, এতে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিভ-ইন সম্পর্কের নিবন্ধনের বিধানও রাখা হয়েছে এবং তা অমান্য করলে কারাদণ্ডের বিধানও রয়েছে।
