ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। এজন্য তিনি শিক্ষাক্ষেত্রে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। গতকাল আংটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রের পর প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন স্বাস্থ্যখাতে। পরে কৃষিতে তারপর অন্যান্য। প্রধানমন্ত্রী শিক্ষাখাতে জোর দিয়ে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছেন যাতে প্রতিটি ঘর থেকে ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করে।
আমান উল্লাহ আমান আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশে যে শিক্ষাব্যবস্থা আছে সেই ব্যবস্থা এই দেশের জন্য গ্রহণ করলেন। লন্ডনে তিনি যা দেখেছেন তা বাংলাদেশেও তিনি এগুলো চালু করলেন। যাতে প্রতিটি ঘরের ছাত্র-ছাত্রীরা স্কুলে যায়। এছাড়া বেগম খালেদা জিয়া ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছন। এখন অনেক স্কুলে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি। উপবৃত্তি তারাই পাবে যারা অপরিণত বয়সে বিয়ে করবে না। ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য বলেন- আমাদের ছেলেমেয়েরা ভালো ফলাফল করে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার ও কেউ রাজনীতিবিদ হবে। কিন্তু যা-ই করতে চাও পড়াশোনা লাগবে। এখন প্রাইমারি স্কুলের সভাপতি হতে বিএ পাস লাগে, আগে তো টু পাস হলেও হতো। অতএব এই সরকার লেখাপড়ার উপর গুরুত্ব দিয়েছেন। অতিরিক্ত প্রধান প্রশাসন কর্মকর্তা শিল্প মন্ত্রণালয় নাদিম হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হক। সিরাজনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবুল হোসেন ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির প্রমুখ।
