পিএসএলে ইমনকে নিয়ে বড় প্রত্যাশা কালান্দার্স মালিকের

পিএসএলে ইমনকে নিয়ে বড় প্রত্যাশা কালান্দার্স মালিকের

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন পারভেজ হোসেন ইমন। নিলাম থেকে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে দল পান এ টাইগার ক্রিকেটার। ইমনকে দলে টেনে তাকে ঘিরে আশায় বুক বাঁধছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো বিদেশি লীগে অভিজ্ঞতা কুড়াবেন ইমন। বাঁহাতি ব্যাটারকে নিয়েই শিরোপা ধরে রাখার পরিকল্পনা করছে লাহোর। গত বছর এ দলের হয়েই নাম লেখান সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। সেবার দারুণ পারফর্ম করেন টাইগার লেগ স্পিনার রিশাদ। জাতীয় দলের সতীর্থের মতো ইমনও পিএসএলে দুর্দান্ত করবেন, এমন আশা কালান্দার্সের মালিক সামিন রানার। সম্প্রতি এক ইউটিউব পডকাস্টের আলোচনায় তিনি বলেন, “ইমনকে লোকে চেনে কম, যেমনটি রিশাদকে চিনতো না। গত বছর আমরা যখন রিশাদকে দলে নিই, তখন সবাই বলতো, ‘এটি কাকে নিলে।’ সে (রিশাদ) ২-৩ কোটি বিড পাচ্ছে। দেখে নিয়েন, আগামী বছর ইমনকেও মানুষ চিনবে এবং সেও ভালো বিড পাবে ইনশাআল্লাহ্।” ইমনের ব্যাটিং পজিশন কালান্দার্সের অজানা নয়। বাংলাদেশের হয়ে তিনি ওপেন করলেও, সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) বড় একটা সময় চার নম্বরে খেলেন তিনি। দু’টি পজিশনেই কালান্দার্সের বিবেচনায় আছেন এ তারকা ব্যাটার। সামিন বলেন, ‘ওর মধ্যে যে প্রতিভা আছে, সেটি নজরে আসার মতো। সে উইকেটকিপার-ব্যাটার। ওপেনিংয়েও খেলে, আবার চার নম্বরেও ব্যাটিং করে, আমরা জানি। ওকে আমরা দু’টি পজিশনের জন্যই বিবেচনা করছি। সে খুবই রোমাঞ্চকর একজন প্রতিভা।’ আসন্ন পিএসএল আসরে কালান্দার্সের সতীর্থ হিসেবে মোস্তাফিজুর রহমানকে পাচ্ছেন ইমন। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে টাইগার পেসারকে সরাসরি চুক্তিতে দলে টানে বর্তমান চ্যাম্পিয়নরা। এ ছাড়া, পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা। বিগ ব্যাশে দ্যুতি ছড়ানোর পর গতবারের মতো এবারো পাকিস্তানের লীগটিতে খেলবেন রিশাদ। টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডির দল পিন্ডিজ। ফ্র্যাঞ্চাইজিটির আগের নাম ছিল মুলতান সুলতানস। মালিকানা পরিবর্তনের পর এবার নিলামে রেকর্ড ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি হয় দলটি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন