চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার তদন্ত মাত্র ১০ দিনের মধ্যে সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত বুধবার চট্টগ্রাম আদালতে জেলা পুলিশের প্রসিকিউশন শাখায় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুয়েল অভিযোগপত্র জমা দেন। পরে রাতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযোগপত্রে তেজপ্রিয় বড়ুয়া রিমন (৪০) ওরফে রিমন বড়ুয়াকে একমাত্র আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩০৭ ও ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় চারজন পুলিশ সদস্যসহ মোট ২২ জনকে সাক্ষী করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৩ই জুন রাতে উপজেলার পরৈকড়া ইউনিয়নের চেনামতি গ্রামের বড়ুয়াপাড়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ সময় গুরুতর আহত হয় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া। ঘটনার সময় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ও এনির স্বামী সুজন বড়ুয়া কর্মস্থলে ছিলেন। তিনি নগরীর খাতুনগঞ্জ এলাকায় একটি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। হত্যাকাণ্ডের পরদিন ১৪ই জুন রাতে পটিয়া রেলস্টেশন এলাকা থেকে তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতদের ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতেও তিনি অপরাধের কথা স্বীকার করেন। তদন্তে উঠে এসেছে, অটোরিকশা কেনার জন্য তেজপ্রিয় বড়ুয়া সুজন বড়ুয়ার কাছ থেকে সুদে ১ লাখ ১৭ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই ঋণের বিপরীতে স্বাক্ষর করা একটি স্ট্যাম্প এনি বড়ুয়ার কাছে সংরক্ষিত ছিল। ঋণ পরিশোধ নিয়ে বিরোধের জেরে তেজপ্রিয় ওই স্ট্যাম্পটি উদ্ধার করে ঋণের প্রমাণ নষ্ট করতে চেয়েছিলেন। পুলিশের অভিযোগ, স্ট্যাম্প নিতে বাধা দেয়ায় এনি ও তার মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই ঘটনায় আহত হয় শিশু পিয়াস। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, নিহত এনির মৃত্যুকালীন বক্তব্যের ভিডিও, ময়নাতদন্ত প্রতিবেদন, চিকিৎসা প্রতিবেদন এবং অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ময়নাতদন্তে মা ও মেয়ের মৃত্যুর কারণ হিসেবে ধারালো অস্ত্রের আঘাতের বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ছাড়া চিকিৎসা প্রতিবেদনে আহত শিশু পিয়াসের মাথায় গুরুতর আঘাতের তথ্যও পাওয়া গেছে।
আনোয়ারায় মা-মেয়ে হত্যা, আদালতে চার্জশিট দাখিল
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
