মোহামেডানের নির্বাচন ৯ই মার্চ

মোহামেডানের নির্বাচন ৯ই মার্চ

ফন্ট সাইজ:

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বহুল প্রতীক্ষিত নির্বাচন হবে আগামী ৯ই মার্চ। প্রায় পাঁচ বছর পর হতে চলা এজিএম এবং ভোটগ্রহণ হবে শাহবাগের ঢাকা ক্লাবে। মোহামেডান ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ই মার্চ। নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট দেবেন মোট ৩৭১ জন সদস্য। যার মধ্যে তিনজন দাতা সদস্য রয়েছেন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক পদ ১৬টি এবং একজন সভাপতি থাকবেন। গতকাল ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে।’ বিলম্বের কারণ ব্যাখ্যা করে কাজল জানান, ক্লাবটি এসসি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কোম্পানি আইনে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক হয়ে পড়ে। তিনি বলেন, ‘আদালত এখন মার্চের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে।’ গত রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যা ক্লাব প্রাঙ্গণের নোটিশ বোর্ডেও সাঁটানো হয়েছে। আজ ও আগামীকাল মনোনয়নপত্র বিক্রি হবে এবং ১লা মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ৩রা মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি ও প্রত্যাহারের পর ৪ঠা মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ই মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন