চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। কোনো খেলা মিস করেন না। সবশেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর নিজের ফেসবুক পেজে দু’টি ছবি শেয়ার করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে তোলা ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।
পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। পূর্ণিমা বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা দেখি। তবে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে মেসির কারণে। মেসি প্রথম খেলায় তিনটি ও দ্বিতীয় খেলায় দু’টি গোল করেছেন। ফুটবলের ম্যাজিশিয়ান তিনি। এবার আর্জেন্টিনার খেলাগুলো শত ব্যস্ততা থাকলেও উপভোগ করছি। আমি বিশ্বাস করি, এমনভাবে খেলতে থাকলে ও মেসির গোল অব্যাহত থাকলে এবারো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আর সেটাই হবে মেসির জন্য আরও বড় উপহার। পূর্ণিমা বলেন, খুব করে চাই মেসির হাতে আবার বিশ্বকাপ উঠুক।
