আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে হামলায় যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর কদমতলীতে আর্জেন্টিনার খেলে দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি একটি রড তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার (২৩শে জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুবকের পরিবারের ভাষ্য, পূর্ব বিরোধের জেরে তাকে মারধর করে নদীর পাড়ে ফেলে রেখে যায় মাদক কারবারিরা। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা দক্ষিণ রসুলপুর এলাকায়। বাবার নাম আব্দুল মালেক।

রাসেলের মা মাকসুদা বেগম বলেন, সোমবার দিবাগত রাতে রাসেল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন মো. হানিফ (৩০)সহ আরও ২-৩ জন মিলে রড, কাঠ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাসেলকে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা।

স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে স্বজনরা ওই হাসপাতালে গিয়ে রাসেলকে দেখতে পান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে হানিফের সঙ্গে রাসেলের দীর্ঘদিনের বিরোধ ছিল। হানিফ এলাকায় মাদক ব্যবসা করতো। রাসেল অনেক আগে তার মাদক ব্যবসায় বাধা দিয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই আমার ছেলেকে মারধর করে নদীর পাড়ে ফেলে রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
কদমতলী থানার এসআই মুশাহিদুল ইসলাম বলেন, রাসেলের মৃত্যুর আগে তার মা একটি এজাহার দায়ের করেছিলেন। এখন সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। মাদক নিয়ে বিরোধের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন