সংসদে অর্থমন্ত্রী

পাচার করা অর্থের সঠিক পরিমাণ নিরূপণ অত্যন্ত কঠিন

ফন্ট সাইজ:

দেশে বা বিদেশে সঠিক, পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য বা প্রতিবেদনের অভাবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার প্রকৃত ও সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিন গতকাল বিকালে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা লিখিত প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে অবৈধভাবে পাচারকৃত টাকার মোট পরিমাণ কতো? কী পরিমাণ টাকা ফিরিয়ে আনা হয়েছে এবং তা কোনো খাতে ব্যয় হচ্ছে?

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবৈধভাবে অর্জিত অর্থ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিভিন্ন জটিল পদ্ধতি অবলম্বন করে বিদেশে পাচার করা হয়ে থাকে এবং এ বিষয়ে দেশে বা বিদেশে সঠিক, পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য বা প্রতিবেদনের অভাবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার প্রকৃত ও সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলার, যা বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১.৮ লাখ কোটি টাকা)। এ অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি’র ৩.৪ শতাংশ, রপ্তানি ও রেমিট্যান্স আয়ের এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ, বাংলাদেশের জাতীয় সঞ্চয়ের প্রায় ১১.২ শতাংশ, নিট বৈদেশিক সহায়তা এবং এফডিআই প্রবাহের প্রায় দ্বিগুণ।
সংসদে অর্থ পুনরুদ্ধারে সরকারের সম্ভাব্য সব পদক্ষেপের সারসংক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী। মন্ত্রী জানান, বাংলাদেশ হতে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে ১২ সদস্যবিশিষ্ট একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়।
তিনি বলেন, বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে আন্তঃসংস্থা টাস্কফোর্স এবং যৌথ তদন্ত দলের সমন্বয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিএফআইইউ-এর অধীনে স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, বিদেশে অবৈধভাবে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থা থেকে পরামর্শ, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন