চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত ছিলেন। গতকাল সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান নুরুল আলম। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানান। পরে দ্রুত তাকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সাতকানিয়া থানায় হওয়া বিস্ফোরক মামলায় মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ নুরুল আলমকে আটক করে। পরে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। নিহতের বড় ভাই নূর মোহাম্মদ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের প্রভাবে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। তিনি অভিযোগ করেন, কেরানীহাট এলাকার একটি জমি নিয়ে কয়েক বছর ধরে প্রতিবেশী একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে নুরুল আলমকে ‘যুবলীগ নেতা’ পরিচয়ে টার্গেট করা হয়েছে।
নূর মোহাম্মদ বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা ছিল না। তিনি নিয়মিত ব্যবসা পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় কারাগারে নেয়ার সময় তিনি সুস্থ ছিলেন। পরদিন সকালে তার মৃত্যুর খবর পাই।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, নুরুল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে থানায় আনার প্রায় আড়াই ঘণ্টার মধ্যে আদালতে পাঠানো হয়। থানায় থাকা অবস্থায় তার সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, আটকের পর নুরুল আলম মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন বা ট্রমার মধ্যে ছিলেন। বিষয়টি তদন্তসাপেক্ষ হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকে শারীরিক জটিলতা তৈরি হতে পারে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন