ফারুকের দাবি আঙ্গুলটি এআই দিয়ে বানানো

ফারুকের দাবি আঙ্গুলটি এআই দিয়ে বানানো

ফন্ট সাইজ:

সম্প্রতি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে দেখা যায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট বক্সে কথা বলছেন তিন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম। সেখানে আঙ্গুল উঁচিয়ে নাজমুল ইসলামকে কিছু একটা বলছেন ফারুক আহমেদ। পাশে দাঁড়িয়ে খালেদ মাসুদ পাইলট। ছবিতে উঁচিয়ে ধরা আঙ্গুলটি নিজের না বলে দাবি করেছেন ফারুক আহমেদ। আঙ্গুলটি এআই দিয়ে বানানো হতে পারে বলে দাবি তার।
গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে। আঙ্গুলটা আমার আঙুল না। এই আঙ্গুলটা কোথা থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।’ প্রেসিডেন্ট বক্সে অবস্থান করার সময় পরিচালকদের ছবি তোলায় সেই ফটোসাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।’ এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হঠাৎ লাহোর সফর নিয়ে চলছে আলাপ-আলোচনা। শনিবার রাতে বুলবুল লাহোরের উদ্দেশে উড়াল দিয়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। যদিও এই ব্যাপারে তেমন কিছু জানা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও জটিলতা দূর হয়নি। সেই জটিলতা দূর করতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে বুলবুল জরুরি বৈঠকে অংশ নেবেন বলে বিসিবি’র একটি সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে ফারুক বলেন, ‘সভাপতি আমাকে রাতে ফোন করেছিলেন। আমি ধরতে পারেনি। ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম বা শুনেছি সভাপতি গেছেন। তিনি তো বলেছেন আইসিসি’র কী একটা মিটিং করতে গিয়েছেন।’ নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ২৪শে জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করে। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আইসিসি। ১লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়া হয়েছে। সেই সিদ্ধান্ত থেকে এক চুলও সরা যাবে না বলে ৪ঠা ফেব্রুয়ারি জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান খেলতে যাবে না বলে উল্লেখ করেছেন শেহবাজ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন