ডেন্টাল সহযোগীরা চিকিৎসক হিসেবে বিএমডিসির নিবন্ধন পাবে না: আপিল বিভাগের রায়

ফন্ট সাইজ:

ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল সহযোগীরা চিকিৎসক হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন পাবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট) ডিগ্রিধারীদের চিকিৎসক হিসেবে নিবন্ধনের দাবিতে করা এক রিট আবেদনের পর ২০১৬ সালের ১৩ জুন হাইকোর্ট রুল জারি ও নির্দেশনা দেন। ওই নির্দেশনার বিরুদ্ধে ২০১৭ সালে আপিল করে বিএমডিসি। মঙ্গলবার আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় বাতিল করে বিএমডিসির আপিল মঞ্জুর করেন।

মামলায় বিএমডিসির পক্ষে শুনানিতে বলা হয়, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টরা বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী হলেও তারা দন্ত চিকিৎসক নন। তাদের কাজ মূলত দন্ত চিকিৎসকদের সহায়তা করা, বিভিন্ন প্রযুক্তিগত কাজ সম্পাদন করা এবং ডেন্টাল প্রস্থেসিস বা কৃত্রিম দাঁত তৈরিতে সহায়তা করা। বিদ্যমান আইনে তাদের চিকিৎসক বা দন্ত চিকিৎসক হিসেবে নিবন্ধন দেওয়ার কোনো বিধান নেই।
অন্যদিকে রিটকারীরা বিএমডিসির কাছে নিবন্ধনের সুযোগ চেয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিবন্ধনের ব্যবস্থা করা হোক।

শুনানিতে বিএমডিসির আইনজীবীরা বলেন, আইনে যেখানে এ ধরনের নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে আদালতের নির্দেশে কাউন্সিলকে নিবন্ধন দিতে বাধ্য করা যায় না।

মামলার আবেদনকারী ছিলেন মো. কামাল হোসেন। সংশ্লিষ্টদের মতে, দেশে প্রতিবছর প্রায় এক হাজার ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ও অনুরূপ ডিপ্লোমাধারী শিক্ষার্থী পাস করেন। মামলাটি দায়েরের সময় এ ধরনের ডিপ্লোমাধারীর সংখ্যা প্রায় ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ ছিল। আপিল বিভাগের এ রায়ের ফলে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল সহযোগীরা চিকিৎসক বা দন্ত চিকিৎসক হিসেবে বিএমডিসির নিবন্ধন পাওয়ার সুযোগ থাকছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন