পাকিস্তান ক্রিকেটারদের বাদ দেয়ার গুঞ্জনে যা বলছে ইসিবি

দ্য হানড্রেড

পাকিস্তান ক্রিকেটারদের বাদ দেয়ার গুঞ্জনে যা বলছে ইসিবি

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট লীগ ‘দ্য হানড্রেড’কে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সেখানে পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে নিয়েজের দায়িত্ব মনে করিয়ে দিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

‘দ্য টেলিগ্রাফ ইউকে’ সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, দ্য হানড্রেডে আগামী মাসের নিলামে ভারতীয় মালিকানাধীন চারটি দল পাকিস্তান ক্রিকেটারদের দলে না টানতে পারে। এ খবর সামনে আসতেই তৈরি হয় চাঞ্চল্য। জানা গেছে, এবারে নিলামের জন্য পাকিস্তানের ৬৭ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। তবুও তাদের দল পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এর নেপথ্যে ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা। এমন অবস্থায় টুর্নামেন্টের আটটি ফ্র্যাঞ্চাইজি দলকে চিঠি দিয়ে তাদের বাধ্যবাধকতার কথা স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে ইসিবি।

বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড আগেই বলেন, ‘সব দেশের খেলোয়াড়দের সব দলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকা উচিত।’ তিনি আরও জোর দিয়ে জানান, পরিষ্কার বৈষম্যবিরোধী নীতিমালা কার্যকর রয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, সরাসরি কোনো দলকে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিতে বোর্ড বাধ্য করতে পারে না। কিন্তু বৈষম্যের অভিযোগ সামনে আসলে বিষয়টি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানোর ক্ষমতা তাদের রয়েছে। এক্ষেত্রে, প্রয়োজন হলে বোর্ড শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে।

এ বিষয়ে সুরাহা চান ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক মাইকেল ভনও। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘ইসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। লীগ তাদের মালিকানায়, এমন ঘটনা ঘটতে দেয়া উচিত নয়। দেশের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক খেলাটি এমন কিছু মেনে নিতে পারে না।’

নতুন বিনিয়োগকারীরা দায়িত্ব নেয়ার আগে গত বছর দ্য হানড্রেড টুর্নামেন্টে অংশ নেন পাকিস্তানের স্রেফ দু’জন, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। এবারের সংখ্যাটা আরও অনেক বড়। আসন্ন নিলামের তালিকায় আছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো তারকা ক্রিকেটাররাও।

অন্যদিকে, এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে খেলেননি বাংলাদেশের কেউই। সেই আক্ষেপ হয়তো এবার ঘুচতে যাচ্ছে। নিলামের প্রাথমিক তালিকায় রয়েছে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনসহ মোট ২৩ টাইগার ক্রিকেটারের নাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন