আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর (সংশোধিত) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটটি করেছেন মোহাম্মদ মহসেন রশিদ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ার-এ দায়ের করা এ রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিভিন্ন বিধান সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারী দাবি করেছেন, আইনের কিছু ধারা মৌলিক অধিকার ও সংবিধানের নির্দিষ্ট বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে সংশ্লিষ্ট বিধানগুলোকে কেন অসাংবিধানিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনের সঙ্গে ২০২৬ সালের ৪ এপ্রিল জারি করা একটি আইনি নোটিশের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করা হয়েছে, যা ‘অ্যানেক্সার-এ’ হিসেবে দাখিল করা হয়েছে। রিট আবেদনটি ব্যক্তিগতভাবে মোহাম্মদ মহসেন রশিদ দাখিল করেছেন।
