চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিনের মাথায় সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম (৪২) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর নুরুল আলমকে কারাগারে আনা হয়। কারাগারে প্রবেশের পর থেকেই তিনি শারীরিক অসুস্থতা ও অস্বস্তির কথা জানান।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা চিকিৎসকের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাথমিক মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
