ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকী নয়াপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের প্রায় সাড়ে ৯ মাস পার হলেও এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মামলাটি পিবিআই বা সিআইডি’র কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়, গত বছরের ১লা সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা রফিকুলকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার যৌনাঙ্গ, বুক, মুখ ও মাথার পেছনসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ক্ষতবিক্ষত অবস্থায় ঢাকুয়া ইউনিয়নের এমদাদের বাড়ির ফিশারির পাড়ে লাশ ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে রাকিব বাদী হয়ে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা বিভিন্ন সময়ে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেও হত্যার রহস্য উদ্ঘাটন বা স্বীকারোক্তি আদায়ে সফল হননি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা দাবি করেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত না করে নিরীহ লোকজনকে হয়রানি করা হচ্ছে। অনেকেই মিথ্যা মামলার আশঙ্কায় এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের সম্ভাব্য সূত্র থাকলেও সেগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়নি।
এ বিষয়ে তারা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনও দিয়েছেন বলে জানা গেছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, হত্যার প্রকৃত মোটিভ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে সম্প্রতি সচেতন এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে মামলাটি দ্রুত পিবিআই বা সিআইডি’র কাছে হস্তান্তরের জোর দাবি জানানো হয়। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
