বরিশালে ঘরের মধ্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফন্ট সাইজ:

টানটান উত্তেজনা, পুলিশি আটক-মামলা এবং বিএনপি জামায়াতের হামলার ভয়ে ঘরের মধ্যেই বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২শে জুন রাতে নগরীর একটি বাসায় কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এরা সবাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বলে তারা দাবি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকার একটি বাসায় গোপনে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে নিরাপত্তার কারণে তারা নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। একই সময়ে রাজপথে শক্ত অবস্থানের জানান দিতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের কড়া পাহারা। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পুলিশের একাধিক ভ্রাম্যমাণ দল (মোবাইল টিম) নগর জুড়ে টহল দিচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, থানার আওতাধীন পাঁচটি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং প্রায় ২০টি মোবাইল টিম মাঠে কাজ করছে। তিনি বলেন, ‘শহরকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে আমরা প্রস্তুত। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, কেবল তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজপথে সক্রিয় রয়েছে বিএনপি। সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এবং বিভিন্ন সড়কে দলটির নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া দিতে দেখা যায়। দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন