নেত্রকোণায় বিশেষ কায়দায় মোটরসাইকেলের ইঞ্জিনে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলোÑ বারহাট্টা উপজেলার চিরাম এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল মিয়া এবং একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মো. সজীব।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
