জগন্নাথপুরে বঞ্চিত প্রকৃত কৃষক

স্বজনপ্রীতির অভিযোগ

জগন্নাথপুরে বঞ্চিত প্রকৃত কৃষক

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকরা সরকারি অনুদান পাননি বলে অভিযোগ উঠেছে। গত সোমবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে এমন অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্র থেকে জানা যায়, সামপ্রতিককালে অতি বৃষ্টির ফলে বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় সরকার ক্ষতিগ্রস্ত কৃষকের চাল ও নগদ অর্থ বরাদ্দের ঘোষণা প্রদান করলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাউধরনের গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা গ্রহণ করেন স্থানীয় মেম্বার (ইউপি সদস্য)। সমপ্রতি সরকারি বরাদ্দ বিতরণকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে কৃষি কাজে জড়িত নয় এমন সব লোকজনের মধ্যে সরকারি অনুদান বরাদ্দ দেয়া হয়েছে।

ফলে প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে কষ্টে জীবন পার করছেন। বাউধরন গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, সরকারি সাহায্য দেয়া হবে বলে মেম্বার সাহেব আমাদের কাছ থেকে নাম ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেন। কিন্তু বিতরণকালে আমাদেরকে অনুদান না দিয়ে যারা কৃষক নন তাদেরকে সরকারি চাল ও নগদ অর্থ দেয়া হয়েছে। এ বছর তিনি ৮ কেদার জমিনে বোরো ফসল আবাদ করেছিলেন।

অতিবৃষ্টিতে সব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কষ্টে জীবনযাপন করছেন বলে তিনি জানান। আরেক কৃষক লাল মিয়া জানান, আমরা হাওরের মানুষ। বোরো ফসল আমাদের সারা বছরের ভরণ-পোষণের একমাত্র মাধ্যম। এ বছর অতিবর্ষণে বোরো ফসল হারিয়ে আমরা এখন নিঃস্ব। সরকারি সহায়তা দেয়া হবে বলে আমাদের নাম সংগ্রহ করা হলেও সরকারি বরাদ্দ দেয়া হয়নি। তালিকায় স্বজনপ্রীতি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছে। একই অভিযোগ করেছেন আরও অনেকে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সালাহউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বরাদ্দ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন