আনচেলত্তির সমালোচনাকে ‘কমপ্লিমেন্ট’ বললেন স্কালোনি

আনচেলত্তির সমালোচনাকে ‘কমপ্লিমেন্ট’ বললেন স্কালোনি

ফন্ট সাইজ:

কথার লড়াইয়ে যাননি। বরং কার্লোস আনচেলোত্তির সমালোচনাকে প্রশংসা হিসেবে নিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিলের কোচ আনচেলোত্তি বলেছিলেন, আর্জেন্টিনা ‘হাই ইন্টেনসিটি ফুটবল’ খেলে না। সেই মন্তব্যের প্রেক্ষিতে কথার লড়াইয়ে না গিয়ে নমনীয় জবাব দেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি এটাকে ইতিবাচকভাবেই নিয়েছি। তিনি (আনচেলোত্তি) আমাদের সম্পর্কে ভালোই বলেছেন। খারাপ কিছু বলেননি। তিনি স্প্যানিশ, ইতালিয়ান ও পর্তুগিজ মিশিয়ে বলেছিলেন বলে হয়তো পুরোটা স্পষ্ট হয়নি। আমি এটাকে সমালোচনা নয়, কমপ্লিমেন্ট হিসেবেই বুঝেছি। এ বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত।’

বিতর্ক এড়িয়ে নিজের কৌশলগত দর্শনের ব্যাখ্যা দেন স্কালোনি। আধুনিক ফুটবলে ক্রমাগত প্রেসিংয়ের যে প্রবণতা, সেটা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ইন্টেনসিটি বলতে আসলে কী বোঝায়, সেটা আগে বুঝতে হবে। বল না থাকলে নিশ্চিত করতে হবে যেন প্রতিপক্ষ ক্ষতি করতে না পারে। এখন খুব কম দলই হাই প্রেসিং আর ম্যান-টু-ম্যান মার্কিং করে। দলগুলো মাঠের মাঝখানে শক্তিশালী হয়ে ওঠে এবং সেখানেই ম্যাচ নির্ধারিত হয়। তিন ফরোয়ার্ড নিয়ে জিতুন বা তিন-পাঁচ ব্যাকলাইনে রক্ষণ করুন- আসল বিষয় হলো বল হারানোর পর টিমের মনোভাব।’ ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতার পর সাড়ে তিন বছরে আর্জেন্টিনা দলে এসেছে পরিবর্তন।

নিকো পাজ ও জুলিয়ানো সিমেওনের মতো তরুণ প্রতিভাবান ফুটবলাররা দলে যুক্ত হয়েছেন। স্কালোনি মনে করেন, শিরোপাজয়ী দলের ক্ষুধা এতটুকু কমেনি। তিনি বলেন, ‘সাড়ে তিন বছর পরেও দল সঠিক পথেই আছে। গ্যাস থেকে পা সরিয়ে নেয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না তারা। তাই এখানে এসেছে। সবসময় উন্নতির সুযোগ আছে এবং তারা বার্তাটি ভালোভাবেই বুঝেছে।’

টানা দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে স্বস্তিতে ফিরেছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট নিশ্চিত আনচেলোত্তির দলের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন