ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় (২৫) নামে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে। মঙ্গলবার বিকেলে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে তাকে পুলিশ কৌশলে হেফাজতে নেয়। এ সময় বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা যায়, সকালে দীপ্ত রায় তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত ব্যক্তি গড়কাটি গ্রামে দীপ্ত রায়ের বাড়ি, দোকান এবং স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালায়।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে একটি চক্র এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে। তিনি সকলকে গুজব, উসকানিমূলক প্রচার ও আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানিয়েছেন।
তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
২৩ জুন (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
