আর্সেনালের দাপটের দিন কোনোমতে জিতলো লিভারপুল

আর্সেনালের দাপটের দিন কোনোমতে জিতলো লিভারপুল

ফন্ট সাইজ:

টটেনহ্যাম হটস্পারের মাঠে জ্বলে উঠলো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগে স্পার্সদের বিপক্ষে রোববার ৪-১ গোলে জয় তুলে নেয় গানাররা। অন্যদিকে, রাতের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে পয়েন্ট খোয়াতে বসে লিভারপুল। একেবারে অন্তিম মুহূর্তের গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় অলরেডরা।

টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখে আর্সেনাল। ২৮ ম্যাচে ১৮ জয়, ৭ ড্র ও ৩ হারে ৬১ পয়েন্টে শীর্ষস্থান আরও পোক্ত করলো মিকেল আর্তেতার ছেলেরা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্টে দুইয়ে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ৩২তম মিনিটে নিজের গোলক্ষরা কাটান এবেরেচি এজে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ পর জালের দেখা পান এ ইংলিশ উইঙ্গার। চলতি মৌসুমের প্রথম দেখায় গত নভেম্বরে স্পার্সকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। এবার সেই দলকে পেয়েই গোলের মুখ দেখলেন এজে। যদিও মিনিট দুয়েকের মধ্যে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রতিপক্ষের তিনজনের মধ্য দিয়ে দারুণ এক শটে স্পার্সকে সমতায় ফেরান কোলো মুয়ানি। ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল।

মাঠে ফিরে আর লড়াই করতে পারেনি স্পার্স। একে একে আরও তিনবার জাল খুঁজে নে সফরকারীরা। ৪৭তম মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন ভিক্টর ইয়োকেরেস। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এজে। নির্ধারিত সময়ের যোগ করা চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন ইয়োকেরেস। মার্টিন ওডেগার্ডের পাস ধরে ডি-বক্সের ভেতর ঢুকে লক্ষ্যভেদ করেন তিনি। প্রিমিয়ার লীগে এ নিয়ে শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেন এ সুইডিশ তারকা।

দিনের আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ছন্নছাড়া ফুটবল উপহার দেয় লিভারপুল। তাদের একমাত্র গোলটি আসে নির্ধারিত সময়ের যোগ করা সপ্তম মিনিটে। খুব কাছ থেকে দলের গুরুত্বপূর্ণ গোলটি করেন আর্জেন্টাইন তারকা আলেক্সিস ম্যাক আলিস্টার। এর আগে একবার অবশ্য অলরেডদের একটি গোল বাতিল হয় হ্যান্ডবলের কারণে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন