সালথায় খাল পুনঃখনন প্রকল্পে সন্তোষ জেলা প্রশাসকের

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নে চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি প্রকল্পের কাজের গুণগত মানের প্রশংসা করে খালের দুই পাড়ের মাটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সোমবার দুপুরে আটঘর ইউনিয়নের সোনাডাঙ্গা বিল থেকে সেনহাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাস্তবায়ন কার্যক্রম সরজমিন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে খাল খনন প্রকল্প অন্যতম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে সেচব্যবস্থা, পানি নিষ্কাশন ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ কাজ নিয়মিত মনিটরিং করছে। আমরা সরজমিন দেখেছি এখানে ভালো হয়েছে। জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্নস্থানে এ ধরনের আরও অনেক খাল রয়েছে। এসব খালের মাধ্যমে কৃষি উৎপাদন ও অর্থনীতির যে চালিকাশক্তি রয়েছে, তা আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করি।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন, যুবদল নেতা হাসান আশরাফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে জেলা প্রশাসক সালথা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন