বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো আলজেরিয়া। অন্যদিকে, টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো আসরের নবাগত দল জর্ডানের। আলজেরিয়ার ফুটবল ইতিহাসে এই প্রথম বিশ্বকাপে প্রথমে গোল খেয়েও ম্যাচ জয়ের রেকর্ড গড়লো তারা।
সান্টা ক্লারায় অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে নিজার আল-রাশদানের গোলে লিড নিয়ে ইতিহাস গড়ে জর্ডান। বিশ্বকাপে এটিই তাদের প্রথম লিড নেয়ার কীর্তি। প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে থাকা আলজেরিয়া দ্বিতীয় হাফে খোলস ছেড়ে বের হয়। বদলি খেলোয়াড় নাধির বেনবুয়ালি ৬৯ মিনিটে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান। এর ১৩ মিনিট পর জর্ডানের রক্ষণভাগের গোলমালের সুযোগ নিয়ে ডান পায়ের শটে জয়সূচক গোলটি করেন আমিন গুইরি। দ্বিতীয়ার্ধে আক্রমণের বন্যা বইয়ে দেয়া আলজেরিয়া ১৪টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল অন টার্গেট।
গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়া মুখোমুখি হবে অস্ট্রিয়ার। নকআউট পর্ব নিশ্চিত করতে সেই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই আলজেরিয়ার। অন্যদিকে বিদায় নিশ্চিত হওয়া জর্ডান তাদের শেষ ম্যাচটি খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
