বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এককভাবে বসলেন লিওনেল মেসি। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনার এই জাদুকর এখন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা। আর্জেন্টাইন অধিনায়কের এই অনন্য কীর্তিতে বুদ ফুটবলবিশ্ব। মেসির প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি সদ্য সাবেক রেকর্ডধারী ক্লোসা।
২০১৪ বিশ্বকাপ থেকে ১৬ গোল নিয়ে চূড়ায় থাকা ক্লোসা বেশ আনন্দের সঙ্গেই নিজের রাজত্ব মেসির হাতে ছেড়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৮ বছর বয়সী এই জার্মান স্ট্রাইকার বলেন, ‘আমি সবসময়ই বলেছি, মেসি অনন্য। আমার চোখে লিও-ই ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন চ্যাম্পিয়ন!’
ডালাসের হাই-ভোল্টেজ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগেই ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে কাঙ্ক্ষিত সেই ১৭তম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান এলএমটেন। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আরও এক গোল করে নিজের বিশ্বকাপ গোলের সংখ্যাকে নিয়ে যান ১৮-তে।
মেসির এই জাদুকরী পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অথচ রেকর্ড গড়ার রাতটি শুরু হতে পারতো বিষাদ দিয়ে। ম্যাচের ঠিক ৯ মিনিটে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। তবে সবাইকে চমকে দিয়ে স্পট-কিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তবে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেননি ফুটবল জাদুকর।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে মেসি বলেন, ‘সত্যি বলতে যেভাবে সবকিছু ঘটলো, তা এককথায় দুর্দান্ত। শুরুতে পেনাল্টি মিস করেছিলাম। ওটা গোল হলে হয়তো পরের দুটি গোল আসতোই না। পেনাল্টি মিসের আক্ষেপ নেই, দলের জয় এবং এই রেকর্ডে আমি ভীষণ খুশি।’
