শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলেছে আলজেরিয়া। সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের খেলা জর্ডানকে তারা ২–১ গোলে হারিয়েছে। এই জয়ে নকআউটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া।
বিপরীতে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের।
অথচ আজকের ম্যাচে জয়ের আশা প্রথম জর্ডানই দেখেছিল। আলজেরিয়া শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকলেও ৩৬ মিনিটে গোল করে জর্ডান। গোলটি করেন নিজার আল–রাশদান।
আলজেরিয়া যেভাবে জর্ডান রক্ষণ চাপ তৈরি করে যাচ্ছিল, তাতে গোল যেন আসারই ছিল। অবশেষে ৬৯তম মিনিটে সমতার গোল পায় আলজেরিয়া। করেছেন নাদির বেনবুয়ালি।
৮২ মিনিটে গোল করেছেন আলজেরিয়ার আমিনে গুইরি। কর্নার থেকে আসা বল জর্ডান ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে না পারার পর গোলমুখে পেয়ে গিয়েছিলেন তিনি, জালে জড়িয়েছেন সহজেই।
আধা ঘণ্টার বেশি সময় পিছিয়ে থাকা আলজেরিয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ১৩ মিনিটের মধ্যে এল দুই গোল।
