বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। কিন্তু একই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডটাও এখন লিওনেল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র নবম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে গোল করে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হবার হাতছানি মেসির। কিন্তু তার শটটি পোস্ট ছুঁয়ে চলে গেল মাঠের বাইরে। এটি বিশ্বকাপে মেসির তৃতীয় পেনাল্টি মিস।
২০১৮ সালে আইসল্যান্ডের বিপক্ষে একবার। ২০২২ সালে পোলান্ডের বিপক্ষে আরেকবার। সেই দুটি সেভ করেছিলেন গোলকিপার। এবারই প্রথম লক্ষ্যে বল রাখতে পারেননি মেসি। তিন মিসে খুদে জাদুকর এখন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি মিসের একক রেকর্ডধারী। এর আগে ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে দুটি করে মিস নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
পেনাল্টি বিশেষজ্ঞ গেইর ইয়ার্দেত বিষয়টি বিশ্লেষণ করেছেন দ্য অ্যাথলেটিকে। তিনি বলেন, ‘এটি আরেকটি উদাহরণ যেখানে গোলকিপার মেসির দুর্বলতা ধরে ফেলেছেন। মেসি রান-আপ ধীর করেন এবং গোলকিপারকে দেখে সিদ্ধান্ত নেন। অস্ট্রিয়ার শ্লাগার সেটা বুঝতে পেরে একদম স্থির দাঁড়িয়ে রইলেন। ফলে মেসি জানতেই পারলেন না গোলকিপার কোন দিকে যাবেন। ডান দিকে শট নিলেন। কিন্তু বল দেখার বদলে গোলকিপারের দিকে চোখ রাখায় নিশানায় গড়বড় হয়ে গেল।’
তবে বিশ্বকাপে পেনাল্টিতে মেসির অর্জনও কম নয়। পেনাল্টিতে চারটি গোল আছে মায়ামি ফরোয়ার্ডের। বিশ্বকাপে পেনাল্টি গোলে শুধু ইংল্যান্ডের হ্যারি কেনই (পাঁচটি) তার চেয়ে এগিয়ে। মোট সাতটি পেনাল্টির মধ্যে চারটি গোল। রূপান্তরের হার মাত্র ৫৭ শতাংশ। অথচ ক্যারিয়ার জুড়ে পেনাল্টিতে মেসির সাফল্যের হার ৭৮ শতাংশ। বিশ্বকাপেই কেন বারবার হোঁচট খান এই মহাতারকা? সেটা রহস্য হিসেবেই থেকে গেছে।
পেনাল্টি মিসের গ্লানি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৩৮ মিনিটে বাঁ পায়ের অসাধারণ শটে রেকর্ডের গোলটি করলেন। ইনজুরি টাইমে আরও একটি। পেনাল্টি মিস ভুলিয়ে দেন জোড়া গোলে।
বিশ্বকাপে পেনাল্টিতে যে কারণে হোঁচট খান মেসি
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৩ জুন (মঙ্গলবার), ২০২৬, ৫ঃ৫৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
