‘পেনাল্টি মিস করেছিলাম বলেই বাকি দুটি গোল পেলাম’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি

‘পেনাল্টি মিস করেছিলাম বলেই বাকি দুটি গোল পেলাম’

ফন্ট সাইজ:

পেনাল্টি মিস। বিশ্বকাপের সর্বকালের রেকর্ড গোলদাতা হওয়ার মঞ্চে দাঁড়িয়ে স্পট কিকটা জালে রাখতে পারলেন না লিওনেল মেসি। কিন্তু সেই ব্যর্থতাই হয়তো জন্ম দিলো আরও বড় দুটি মুহূর্তের। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ম্যাচ শেষে মেসি নিজেই বললেন সেই কথা। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি একটি পেনাল্টি পেয়েছিলাম, যেটা থেকে ব্যবধান আরও বাড়াতে পারতাম। কিন্তু ওই পেনাল্টিতে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতামও না। আপনি কখনোই নিশ্চিত করে বলতে পারেন না।’

ম্যাচের ৩৮ মিনিট। বাম দিক থেকে আক্রমণের সূচনা করলেন মেসি নিজেই। পেনাল্টি বক্সের প্রান্তে এসে একটুও না থেমে নিখুঁত শটে বলটি পাঠিয়ে দিলেন পোস্টের নিচের বাম কোণ দিয়ে। এটি বিশ্বকাপে মেসির ১৭তম গোল। এ গোলে পেছনে পড়ে গেলেন মিরোস্লাভ ক্লোসা। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে করেছেন আরেকটি গোল। বাম দিক থেকে আলভারেজের বিদ্যুৎগতির কাউন্টার অ্যাটাক। তার শট গোলকিপার ঠেকালেও বল পৌঁছে গেল মেসির পায়ে। গোললাইনে তখন কয়েকজন অস্ট্রিয়ান ডিফেন্ডার। প্রথম শট গোলকিপারের গায়ে লেগে ফিরে এলো। কিন্তু দ্বিতীয় শটে থামানো গেল না মেসিকে। বল জালে। ম্যাচ শেষ। ২-০। দুই ম্যাচে মেসির পাঁচ গোল। এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা। এ নিয়ে মেসি বলেন, ‘আমি এই জয়ের জন্য সত্যিই খুব খুশি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। অনেক লড়াই করে, যোগ্য দল হিসেবেই আমরা এটি পেয়েছি।’’ বিশ্বকাপের চাপের কথাও স্বীকার করলেন অকপটে। মেসি বলেন, ‘এটাই বিশ্বকাপ। এখানকার প্রতিটি ম্যাচই খুব হাড্ডাহাড্ডি আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ছয় পয়েন্ট পাওয়ায় আমরা এই সপ্তাহ স্বস্তিতে কাটাতে পারবো।’ ক্লোসার রেকর্ড ভাঙার অনুভূতি জানতে চাইলে মেসি বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে ঘটেছে, তা সত্যিই চমৎকার।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন