বরিশালে চলছে ব্যাপক ধরপাকড়

সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার সন্দেহে ধরপাকড় চলছে বরিশালে। এরইমধ্যে প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছে। বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। গতকাল বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর নাজিরাপুল এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দু’টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

গ্রেপ্তারকৃত খোকন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। এর আগে রোববার পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানেই পুলিশ অভিযান পরিচালনা করছে। অনেকে গ্রেপ্তারও হয়েছে। আশা করি, মহানগরীতে জনগণের কোনো রকম অসুবিধা হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন