অপপ্রচারকারীদের রুখে দিতে হবে: নুর

ফন্ট সাইজ:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা পেজ খুলে মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করছেন তাদেরকে রুখে দিতে হবে। সোমবার জুলাই আন্দোলনে নিহত কবি নজরুল কলেজের শিক্ষার্থী জিহাদ মোল্লার নামে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে নির্মিত শহীদ জিহাদ গ্রন্থাগারের কার্যক্রম চালু উপলক্ষে এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর আরও বলেন, গ্রন্থাগারটি চালু হওয়ায় শিক্ষার্থী-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জ্ঞান আহরণ করতে পারবেন।

তিনি তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে গ্রন্থাগার প্রতিষ্ঠার ইচ্ছা ব্যক্ত করেন। নুর আরও বলেছেন, তার আত্মীয়স্বজনসহ যে কেউ তার নাম ব্যবহার করে অনৈতিক কোনো কাজে যুক্ত হলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। উপস্থিত ছিলেনÑ দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তরের সহ- সভাপতি মিজান হাওলাদার, দশমিনা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন