দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের পাঁচদিনেও সন্ধান মেলেনি। জানা যায়, উপজেলার মাধবের ঘাট এলাকায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হয় যুবক মাজেদুল ইসলাম (২৩)। পরে টানা পাঁচদিন ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাজেদুল উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে। নিখোঁজের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত ঘটে। এ সময় মাজেদুল নদীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।
পরে রংপুর থেকে ডুবুরি দল এনে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও সোমবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পিতা বলেন, আমাদের একটাই আকুতি, মৃত্যু হলেও আমরা যেন তাকে শেষবারের মতো বিদায় জানাতে পারি। খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, নদীতে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। রংপুর থেকে আসা অভিজ্ঞ ডুবুরি দলও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, উদ্ধার কার্যক্রমের গতি বাড়াতে নিখোঁজের দ্বিতীয় দিনেই ডুবুরি দল আনা হয়েছে। নদীতে বর্তমানে প্রচুর স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
