সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সোমবার সকালে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস- মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির মৃত্যুবরণকারী প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সিলেট জেলা বাস- মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সিলেট জেলা বাস-মিনিবাস- কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কার্যকরী সদস্য শেখ আজিজ, আতিক মিয়া, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউনিয়নের সভাপতি ও ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে বেশি অবহেলিত জনগোষ্ঠী।
একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সঙ্গে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন। কিন্তু তাদের পরিবার এই সহযোগিতা থেকে বঞ্চিত। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধারাবাহিকভাবে মৃত পরিবহন শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে আসছি। আজও ১০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে ৫ লাখ টাকা তুলে দিচ্ছি। এই অনুদান মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য একটি বড় সহযোগিতা।
