প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলা শহরে চলমান ফুটবল বিশ^কাপে আর্জেন্টিনা দলের সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। গতকাল বিকাল ৩টা থেকে মৌলভীবাজার পৌরসভার সামনে আর্জেন্টিনার সমর্থকরা মোটরসাইকেল নিয়ে জড়ো হতে থাকেন। এ সময় তাদের গায়ে ছিল আর্জেন্টিনার পতাকার রংয়ের টি শার্ট আর হাতে ছিল আর্জেন্টিনার পতাকা ও মেসিসহ অন্যান্য খেলোয়াড়দের ছবিযুক্ত প্ল্যাকার্ড। বিকাল ৪টার দিকে পৌরসভার সামনে থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা চৌমহনা এম সাইফুর রহমান সড়ক হয়ে কুসুমভাগ পৌঁছে সেখান থেকে বেড়িরপাড় পয়েন্ট হয়ে প্রেস ক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা চলাকালে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, পথচারী ও যানবাহন থেকে আর্জেন্টিনা সমর্থক ও ভক্তরা হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা, অভিবাদন ও সমর্থন জানান। রোববার
রাত থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। অল্প সময়ের মধ্যে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রেস ক্লাব মোড়ে শোভাযাত্রাটি শেষ হলে আর্জেন্টিনার সমর্থক ও ভক্তরা জানান, আমাদের প্রিয় দলকে অভিবাদন জানাতে ও অন্যদের এমন প্রাণবন্ত খেলা উপভোগ করতে আমাদের এই আয়োজন।
