রাজস্ব হারাচ্ছে সরকার

যুবদল নেতাদের দখলে বালুমহাল

রাজস্ব হারাচ্ছে সরকার

ফন্ট সাইজ:

রাজনগরে সরকারি বালুমহালের দখলদার পরিবর্তন করলেও মহালগুলোর ভাগ্য পরিবর্তন হয়নি। একসময় আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের দখলে থাকলেও ৫ই আগস্টের পর চলে গেছে বিএনপি-যুবদল নেতাদের দখলে। আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে স্থানীয় যুবদল নেতাদের নেতৃত্বে লুট হচ্ছে সরকারি বালু। গত এক যুগেরও বেশি সময় ধরে এসব বালুমহাল থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এদিকে এসব বালুমহাল নিয়ে স্থানীয় নেতাদের মাঝে প্রায়ই ছোটখাটো সংঘর্ষ হয়। প্রকাশ্যে বালু লুট হলেও উপজেলা ভূমি অফিস একেবারেই নীরব।

জানা যায়, রাজনগর উপজেলার ৮টি বালুমহাল রয়েছে। উদনাছড়া, কালুমুহা, ধামাইছড়া, মারুয়াছড়া, জমিলাছড়া, হাড়ছড়া ও মনু নদ নামে এসব বালুমহালের মধ্যে মনু নদী ও উদনা ছড়া বালুমহাল ইজারা হচ্ছে। কিন্তু মামলা ও কালামুহা বালুমহাল উত্তরভাগ চা বাগান কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে লিজ প্রদান স্থগিত করলেও সেখানে প্রতিনিয়ত চলছে অবৈধ বালু উত্তোলন। গত এক যুগেরও বেশি সময় ধরে এসব বালুমহাল ইজারা না হওয়ায় প্রতিবছর সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এসব বালুমহাল গত ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের দখলে থাকলেও বর্তমানে এ বালুমহালে থাবা বসিয়েছেন স্থানীয় যুবদল নেতারা।

উত্তরভাগ ইউনিয়নের যুবদল নেতা কয়েছ আহমদ ও মুন্সীবাজার ইউনিয়নের কয়েকজন যুবদল নেতার নেতৃত্বে কালুমুহা, ধামাইছড়া, মারুয়াছড়া, জমিলাছড়া, হাড়ছড়া থেকে বালু লুটের মহোৎসব চলছে। এদিকে বালুর টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মাঝে মধ্যে ছোটখাটো সংঘর্ষও হয়ে থাকে। এসব বালুমহাল লিজ না হওয়া ও লুট করায় সরকার প্রতিবছর কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বালুমহালের দখলদারদের একজন স্থানীয় যুবদল নেতা কয়েছ আহমদ বলেন, এখানে দুই-তিন গাড়ি করে ছোট ভাইয়েরা কয়েকদিন তুলেছিল। বর্তমানে বিভিন্ন কারণে এটি বন্ধ আছে। আমরা চাইছিলাম সবে মিলেমিশে সমঝোতায় করবো কিন্তু সম্ভব হচ্ছে না।

দু’-এক গাড়ি করে ওঠে। গ্রামের মানুষেরাও নিজেদের কাজের জন্য তুলে। ঢিবি করে রাখে। বর্তমানে বন্ধ আছে। উপজেলা যুবদলের আহ্বায়ক জুসেফ খান বলেন, সরকারি বালুমহাল থেকে বালু তোলার বিপক্ষে আমি। আমি আগেও এটা নিয়ে বিরোধিতা করেছি। যারাই এটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার বলেন, পুলিশকে বলেছি যারা বালু তুলে তাদের ধরে মোবাইল কোর্ট করা হবে। এছাড়াও এগুলো দ্রুত লিজ দেয়ার জন্য বলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন