বিদেশি দূতাবাসের নির্ধারিত স্থানীয় এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে এক সার্কুলার জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা বাংলাদেশি মুদ্রায় সংগ্রহ করা ভিসা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবের অনুকূলে বিদেশে প্রেরণ করতে পারবে। এর ফলে ভিসা সংক্রান্ত অর্থ লেনদেনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এতদিন এ ধরনের অর্থ বিদেশে পাঠানোর ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা না থাকায়, অনেক সময় ব্যাংক ও ভিসা প্রসেসিং এজেন্টদের বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার মুখোমুখি হতে হতো। নতুন নির্দেশনার ফলে সেই অনিশ্চয়তা দূর হবে এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণের পথ আরও সহজ হবে। তবে এ সুবিধা গ্রহণের ক্ষেত্রে কয়েকটি শর্তও বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। পাশাপাশি দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে, যার সঙ্গে আবেদনকারীভিত্তিক ফি আদায়ের বিস্তারিত বিবরণী সংযুক্ত থাকতে হবে।
এ ছাড়া, বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কর্তন ও পরিশোধ নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন সিদ্ধান্তের ফলে ভিসা ফি সংগ্রহ এবং প্রেরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। একই সঙ্গে ব্যাংক ও ভিসা প্রসেসিং এজেন্টদের কাজের গতি বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে ভিসা আবেদনকারীদের সেবা গ্রহণের ক্ষেত্রেও। যদিও সাধারণ আবেদনকারীদের জন্য ভিসা ফি কমছে না বা নতুন কোনো আর্থিক সুবিধা যুক্ত হচ্ছে না, তবে পুরো প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এজেন্টদের মাধ্যমে ভিসা ফি বিদেশে পাঠানোর অনুমতি
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
৩ ঘন্টা আগে
২২ জুন (সোমবার), ২০২৬, ৮ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
