বিশ্বকাপ উন্মাদনায় মিলার ‘কাণ্ডারি চল’

বিশ্বকাপ উন্মাদনায় মিলার ‘কাণ্ডারি চল’

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্বকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে নতুন ফুটবল অ্যান্থেম ‘কাণ্ডারি চল’। তবে গানটির সবচেয়ে বড় আকর্ষণ শুধু ফুটবল নয়; দীর্ঘদিন পর আবারো একসঙ্গে ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত জুটি ফুয়াদ আল মুক্তাদির ও মিলা। বহু বছর ধরে এই জুটির নতুন গান ও একসঙ্গে পারফর্ম করার অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ‘কাণ্ডারি চল’র মাধ্যমে। এক সময় ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’সহ একের পর এক জনপ্রিয় গানের মাধ্যমে ফুয়াদ ও মিলা বাংলাদেশের সংগীতাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।

তাদের গান শুধু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়নি, বরং বাংলা পপ সংগীতে নতুন এক ধারা প্রতিষ্ঠা করেছিল। দীর্ঘ বিরতির পর এই দুই শিল্পীর পুনর্মিলন ঘিরে তাই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ইতিমধ্যে ‘কাণ্ডারি চল’র মিউজিক ভিডিও’র নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। মিউজিক ভিডিওটি উপস্থাপন করছে ইধু’র অ্যাথলেটিক ব্র্যান্ড স্ট্রাইকার।

ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। ‘কাণ্ডারি চল’-এ আরও কণ্ঠ দিয়েছেন- পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‌্যাপার ব্ল্যাক জ্যাং। আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ গানটিকে নতুন মাত্রা দিলেও, এর মূল আকর্ষণ নিঃসন্দেহে ফুয়াদ-মিলার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ (শিহাব), অলিবয় এবং ব্ল্যাক জ্যাং।

গান প্রসঙ্গে মিলা বলেন, আমি অনেক এক্সাইটেড গানটি নিয়ে। একে তো ফুটবল বিশ্বকাপ চলাকালীন এটি প্রকাশ পাচ্ছে, তার উপর আমার সঙ্গে ফুয়াদের জুটি ফিরছে। ‘কাণ্ডারি চল’ প্রকাশের পর দেশের বিভিন্ন লাইভ কনসার্ট ও বিশেষ আয়োজনে আমরা একসঙ্গে মঞ্চে পারফর্ম করবো। ‘কাণ্ডারি চল’ কোনো নির্দিষ্ট দল বা দেশের জন্য নয়; বরং ফুটবলকে ভালোবাসা প্রতিটি মানুষের জন্য এক সংগীত উপহার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন