অবশেষে অপেক্ষার অবসান। বহুদিনের জল্পনা-কল্পনার পরে প্রকাশ্যে ‘দিদি নাম্বার ওয়ান’ সিজন ১০ এর নতুন প্রোমো। আর সেই প্রোমো প্রকাশ্যে আসতেই স্পষ্ট, জনপ্রিয় এই রিয়ালিটি শো এবার এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে। বদলে যাচ্ছে শোয়ের সঞ্চালক। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যাবে না সঞ্চালকের ভূমিকায়। তার জায়গায় দায়িত্ব নিতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
গত কয়েক সপ্তাহ ধরেই টেলিউডে এ নিয়ে জোর গুঞ্জন চলছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় বিষয়টি নিশ্চিত ছিল না। নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সেই জল্পনার ইতি ঘটেছে। শুধু সঞ্চালক নয়, নতুন সিজনে রয়েছে আরও অনেক পরিবর্তন। শো-এর ফরম্যাটেও বড়সড় রদবদল হতে চলেছে। এতদিন যেখানে চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা হতো। এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী।
বদলে যাচ্ছে খেলার ধরনও। ‘দিদি নাম্বার ওয়ান’ এবার একেবারে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছে। বদল আসছে সম্প্রচারের সময়েও। এতদিন বিকালের জনপ্রিয় স্লটে সম্প্রচারিত হলেও, নতুন সিজন থেকে অনুষ্ঠানটি দেখা যাবে ভারতীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে। আগামী ২৯শে জুন থেকেই শুরু হবে এই নতুন যাত্রা। নতুন সময় এবং নতুন সঞ্চালককে দর্শক কতোটা গ্রহণ করেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।#
