চোখ রাঙাচ্ছে ডেঙ্গু:

একদিনে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯ রোগী

ফন্ট সাইজ:

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই এখন মারাত্মকভাবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানী ঢাকাসহ সারা দেশে মশাবাহিত এই রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। যার ফলে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ৫ হাজারের বেশি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার ডেঙ্গুতে দুইজনের মৃত্যুর হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ১৬ জন করে মোট ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৯২ জন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন